দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কিশোরগঞ্জের কটিয়াদীতে এক শতবর্ষী ব্যক্তির মৃত্যুর পর ঢাকঢোল বাজিয়ে দাফনের প্রস্তুতি নেওয়াকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরে স্থানীয় আলেম ও গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনার পর পরিবারটি ওই সিদ্ধান্ত থেকে সরে আসে।
রোববার (৭ জুন) দুপুরে উপজেলার পৌর এলাকার ৬ নম্বর ওয়ার্ডের পূর্ব কাহেতেরটেকী মহল্লায় এ ঘটনা ঘটে।
মৃত শামসুদ্দিনের (১০০) স্বজনরা জানান, বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। এরপর তার ছেলেরা ঢাকঢোল বাজিয়ে শেষ বিদায় ও দাফনের প্রস্তুতি নিতে শুরু করেন। এ সময় বাড়িতে শোকের পরিবেশের মধ্যেই ঢাকের তালে কয়েকজনকে নাচতেও দেখা যায়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
স্থানীয়দের ভাষ্য, শামসুদ্দিন ও তার পরিবার নেত্রকোনার প্রয়াত পীর গাজী আকবর আলী রিজভীর মুরিদ এবং রেজভীয়া সুন্নি তরিকার অনুসারী। পরিবারের দাবি, মৃত্যুর আগে শামসুদ্দিন ঢাকঢোল বাজিয়ে দাফন করার ইচ্ছা প্রকাশ করেছিলেন।
পূর্ব কাহেতেরটেকী গ্রামের বাসিন্দা মাওলানা তোফাজ্জল হক রাশেদী বলেন, খবর পেয়ে স্থানীয় আলেম ও এলাকাবাসী মরহুমের ছেলে খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিনের সঙ্গে কোরআন-হাদিসের আলোকে আলোচনা করেন। পরে তারা আগের সিদ্ধান্ত থেকে সরে এসে স্বাভাবিক নিয়মে জানাজা ও দাফন সম্পন্ন করতে সম্মত হন।
খায়রুল ইসলাম ও নাজিমুদ্দিন বলেন, আমাদের পিতার শেষ ইচ্ছা পূরণের জন্যই আমরা এমন উদ্যোগ নিয়েছিলাম। পরে স্থানীয় আলেম সমাজ ও এলাকাবাসীর সঙ্গে আলোচনা করে আমরা স্বাভাবিকভাবে দাফন সম্পন্ন করেছি।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, লোকমুখে বিষয়টি শুনেছি। এ বিষয়ে কেউ থানাকে আনুষ্ঠানিকভাবে জানায়নি। তারপরও ঘটনাটি সম্পর্কে খোঁজ নিতে এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
জে আই